মনিপুর উচ্চ বিদ্যালয়

ফরহাদের বিদায় প্রধান শিক্ষকের দায়িত্বে জাকির

নানা অভিযোগে অভিযুক্ত হয়ে রাজধানীর মনিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অবৈধ নিয়োগকৃত প্রধান শিক্ষক ফরহাদ হোসেনকে বিদায় নিতে হলো। তার জায়গায় নতুন করে দায়িত্ব পেলেন একই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক জাকির হোসেন।

গতকাল শনিবার শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার জরুরি সংবাদ সম্মেলন ডেকে আদালতের নির্দেশনা অনুসারে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ শিক্ষক জাকির হোসেনকে ‘প্রতিষ্ঠান প্রধানের’ দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন। গত কয়েকদিন ধরেই দেশের নামী এই প্রতিষ্ঠানটি ঘিরে অস্থিরতা চলছিল।

এর আগে সরকারি তিনটি তদন্তে প্রধান শিক্ষক হিসেবে ফরহাদ হোসেনের নিয়োগ অবৈধ প্রমাণিত হয়। আদালতের নির্দেশনা মেনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর জাকির হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য গভর্নিং বডির সভাপতিকে চিঠি দেয়। কিন্তু সভাপতি এই চিঠি আমলে না নিয়ে জাকির হোসেনের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেন। এ ছাড়া সভাপতি এখতিয়ারবহির্ভূত স্কুল পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষণা করেন। এ পরিস্থিতিতে ক্যাম্পাসে অস্থিরতা ছড়িয়ে পড়ে। তবে গত বৃহস্পতিবার গভর্নিং বডির সভাপতিকে কারণ দর্শানো নোটিস দেয় ঢাকা শিক্ষা বোর্ড।

সূত্র জানায়, শিল্প প্রতিমন্ত্রী চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন। গতকাল তিনি ঢাকায় ফিরে জাকির হোসেনকে তার অফিসে ঢেকে নেন। তাকে দায়িত্ব চালিয়ে যাওয়ার পরামর্শও দেন। পরে জাকির হোসেনকে সঙ্গে নিয়ে তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত হন।

কামাল আহমেদ মজুমদার বলেন, ফরহাদ হোসেন চাকরি থেকে অবসর নিয়েছেন। তিনি নাম উল্লেখ না করে বলেন, অতীতে কোনো প্রধান শিক্ষক অনিয়ম করলে তারও বিচার হবে। মনিপুর স্কুলের সব শিক্ষকের এমপিওভুক্তি অথবা প্রতিষ্ঠানটি সরকারিকরণের দাবি জানান এই প্রতিমন্ত্রী।