ভিসির আশ্বাস মানতে নারাজ রাবি শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত স্থানীয় সন্ত্রাসী ও পুলিশের বিচারের দাবিতে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে ভিসির বাড়ির সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেও তারা কথা শুনতে রাজি হননি। পরে ভিসিকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী সাবাস বাংলার মাঠ উপস্থিত হন।

রোববার (১২ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে বাসভবনের সামনে জড়ো হয়। পরে ১২টার দিকে ভিসিকে নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে সাবাস বাংলা মাঠে উপস্থিত হন। এর আগে প্রশাসন ভবনে তালা লাগিয়ে বেশ কিছু দাবি নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করে।

তাদের দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক হিসেবেও গড়ে তোলা, আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করা, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অন্যথায় এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গ্রহণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতি নির্ধারণীতে শিক্ষার্থীদের প্রতিনিধি নিশ্চিত করা।

অবস্থানকালে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন বলেন, আমরা বেশ কিছু দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।