সাকিব আল হাসান, হাসান মাহমুদ ও শেষটা মেহেদি হাসান মিরাজ। তিন হাসান মিলে শিকার করেছেন উইকেট। ফিরিয়ে দিয়েছেন ইংলিশ ব্যাটসম্যানদের। শুরুটা তাসকিন আহমেদ করে দিয়েছিলেন। তবে ছন্দে ফিরতে সময় নেন সল্ট ও মঈন আলি। তবে তিন হাসানে যেন কুপোকাত হয়ে গেছে ইংল্যান্ড।
প্রথম ৬ ওভারে ম্যালানের উইকেট হারালেও ইংল্যান্ড তুলেছিল ৫০ রান। পাওয়ার প্লে শেষেই বোলিংয়ে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। শুরুর দুই বল ডট দিলেও তৃতীয় বলেই বিশ্বসেরা অলরাউন্ডারে ফাঁদে পা দিলেন ফিল সল্ট।
ফিল সল্টকে সরে যেতে দেখেছিলেন, সাকিব বলটি করলেন অফ স্টাম্পের ওপর। সে বলে আবার টার্নের সঙ্গে ছিল বাউন্স। ভড়কে গিয়ে সেটিতেই ফিরতি ক্যাচ দিয়েছেন সল্ট। আগের ম্যাচে সহজতম একটি ক্যাচ মিস করা সাকিব এবার ভুল করেননি, উল্লাসটাও ছিল দেখার মতো। বাংলাদেশ অধিনায়কের প্রথম আঘাতের পর ক্রিজে এসেছেন ইংল্যান্ড অধিনায়ক। ফেরার আগে ১৯ বলে ২৫ রান করেন তিনি। তার ব্যাট থেকে আসে তিনটি চার ও একটি ছক্কা।
সাকিবের পর নিজের প্রথম ওভারে এসে সফল হাসান মাহমুদও। তার ইয়র্কারের জবাব নেই জস বাটলারের কাছে। টানা দ্বিতীয় ম্যাচে হাসানের শিকার ইংল্যান্ড অধিনায়ক, এবার হয়েছেন বোল্ড। পজিশন বদলে চারে এসেছিলেন বাটলার, তবে টিকলেন মাত্র ৪ বল। করেছেন মাত্র ৪ রান।
পরের ওভারের শেষ বলে উইকেট শিকার করেন মেহেদি হাসান মিরাজ। লেগ সাইডে সীমানার ওপর দুজন ফিল্ডার থাকলেও স্লগ করেছিলেন মঈন, ডিপ মিডউইকেটে ফিল্ডারের কাছে গেছে সোজা ক্যাচ। আগের ৫ বলে এসেছিল মাত্র দুটি সিঙ্গেল, সে চাপ কমাতে গিয়ে নিজেই ফিরে গেলেন মঈন। ৭ রানের মধ্যে ইংল্যান্ড হারায় ৩ উইকেট।
১০ ওভার শেষে ইংলিশরা ৪ উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করেছে। ক্রিজে টিকে আছেন বেন ডাকেট ও স্যাম কারান।