আবারও বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয়

ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটকে বাংলাদেশের জন্য গোলকধাঁধা মনে করা হয়। এই ফরম্যাটে ধারাবাহিকতার অভাবই শুধু নয়, খেলাটা বাংলাদেশ ঠিকঠাক আয়ত্তই করতে পারেনি বলে আলোচনা হয়। তবে এই ফরম্যাটে সাফল্য একেবারে কমও নয়! শিরোপাধারীদের যেমন দুইবার সিরিজ হারানোর কৃতিত্ব দেখাল টাইগাররা।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রবিবার ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে বাংলাদেশ। ইংলিশরা টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তাদের বিপক্ষে স্বাগতিকরা জিতেছিল ৬ উইকেটে। ফলে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জয়ের আনন্দে মাতল সাকিব আল হাসানের দল।

এর আগে ২০১৮ সালে সে সময়ের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজটি হয়েছিল আবার দেশের বাইরে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের ফ্লোডিয়ায়।

এ পর্যন্ত ১৪৬ টি-টোয়েন্টি খেলে বাংলাদেশের এটি ৫১তম জয়। হার ৯২টিতে, ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়।

ইংল্যান্ডকে দিয়ে একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অষ্টমবার জিতল বাংলাদেশ। আর এক ম্যাচের সিরিজসহ টি-টোয়েন্টিতে বাংলাদেশের এটি ১১তম সিরিজ জয়।