রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইরান

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইরান। গত শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে সুখোই-৩৫ যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে দেশটি। নিউইয়র্কে জাতিসংঘে ইরানের মিশনকে উদ্ধৃত করে সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, ‘সুখোই-৩৫ যুদ্ধবিমান ইরানের কাছে প্রযুক্তিগতভাবে গ্রহণযোগ্য এবং ইরান এসব কেনার জন্য একটি চুক্তি চূড়ান্ত করেছে।’ রয়টার্স বলছে, ইরানের বিমান বাহিনীর কাছে মাত্র কয়েক ডজন স্ট্রাইক এয়ারক্রাফট রয়েছে যেগুলো হামলা চালাতে সক্ষম। এগুলোর বেশিরভাগই রুশ যুদ্ধবিমান এবং সেইসঙ্গে ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের আগে তেহরানের হাতে যাওয়া যুক্তরাষ্ট্রের পুরনো মডেলের যুদ্ধবিমানও রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গত বছরের জুলাইয়ে তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে দেখা করেছিলেন। সে সময় ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দেন উভয় নেতা।