রাজধানীতে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

মামার বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় জিসান (বাধন) (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

ভোলার তজুমদ্দিন উপজেলার বাবুল মিয়ার ছেলে জিসান। ৪ ভাইয়ের মধ্যে সবার বড় ছিল সে। তার মামা মো. সোহাগ জানান, গ্রামের একটি মাদ্রাসার ৯ম শ্রেণিতে পড়ে জিসান। তার ছোট মামা অপুর বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে গাজীপুর গিয়েছিল সে। অনুষ্ঠান শেষে মামা ও মামির সঙ্গে একটি মাইক্রোবাসে করে ঢাকার সদরঘাট যাচ্ছিল। সেখান থেকে লঞ্চে করে গ্রামে যাওয়ার কথা ছিল। পথে কুড়িল বিশ্বরোড এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে রেললাইনের পাশে নামে। সেখানে একটি ট্রেনে সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় সে। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।