শেষ ম্যাচে জিতলে পুরস্কারের অর্থটাও বড় হবে

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদেরকে সিরিজে পরাজিত করেছে বাংলাদেশ। গড়েছে নতুন ইতিহাস। প্রথম দুই ম্যাচ জিতে নিয়ে সাকিব আল হাসানরা এখন অপেক্ষায় বাংলাওয়াশের। শেষ ম্যাচ জিতলেই ইংলিশদের ধবলধোলাই করবে টাইগাররা। আর সেটা করতে পারলে বড় হবে পুরস্কারের অর্থও। এমনই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ শেষেই সব ক্রিকেটারের ডাক পড়ল বোর্ড সভাপতি নাজমুল হাসানের সভায়। সেই সভাতেই এই আভাস দেন বোর্ড সভাপতি।

বড় দলের বিপক্ষে সিরিজ জিতলেই বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের আর্থিক পুরস্কার দেওয়া হয়। কালও সে ঘোষণার অপেক্ষায় ছিলেন ক্রিকেটাররা। তবে বিসিবি সভাপতি টাকার অঙ্কটা বলেননি। সেটা তৃতীয় ম্যাচের পর জানানো হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার বলেছেন, ‘আমরা সিরিজ জিততে পেরেছি এতেই খুশি। বোর্ড সভাপতিও খুশি। বড় দলের সঙ্গে সিরিজ জিততে পেরেছি বলে বোর্ড আমাদের পুরস্কৃত করবে। তবে সেটা কি তা জানানো হয়নি আমাদের। তবে শেষ ম্যাচটি জিতলে পুরস্কারটাও বড় হবে বলে জানিয়েছেন আমাদের।’