ফের স্থানীয়দের মারধরের শিকার রাবি শিক্ষার্থী

স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের স্থানীয়দের হাতে মারধরের শিকার হয়েছেন আরেক শিক্ষার্থী।

সোমবার (১৩ মার্চ) সকালে ক্যাম্পাস সংলগ্ন ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম হৃদয়। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিনোদপুর এলাকার আমজাদের মোড়ের একটি মেসে থাকেন।

ভুক্তভোগী হৃদয় বলেন, সকাল ১০ টার দিকে যখন মেস থেকে বের হয়ে এক বন্ধুসহ ফুলতলার দিকে যাচ্ছিলেন। তখন স্থানীয় কয়েকজন তাদেরকে ডাক দেয়। জিজ্ঞেস করে, রাবিতে পড়েন কি না। হ্যাঁ বলার পর তারা বলে ‘তোদের জায়গা ক্যাম্পাস পর্যন্ত বাইরে ঘুরস এত সাহস কেন?’ তারপর তারা কলার ধরে চড় মারে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়েছে তারা ব্যবস্থা নেবে।

নগরীরর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের খোঁজা হচ্ছে। ভুক্তভোগীকে বলা হয়েছে তাদেরকে দেখার সাথে সাথেই যেন ফোন করে।