স্বামীকে হত্যা করে ৯৯৯-এ ফোন!

ঝালকাঠির রাজাপুরে স্বামী রবিউল আউয়াল তালুকদারকে (৩৯) ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানিয়েছেন এক নারী। গত রবিবার রাত দেড়টার দিকে গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী সোনালী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্ত্রী সাফিয়াকে আটক করে পুলিশ।

সাফিয়া স্বামীকে হত্যার কথা স্বীকার করে বলেন, ‘আড়াই মাস আগে আমার স্বামী আরেকটি বিয়ে করে তার সব সম্পত্তি নতুন বউয়ের নামে লিখে দেয়। আমাকে প্রতিদিন মারধর করে, বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। রবিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় মারধর করেছে, রাত ১০টায় ঘরে ফিরেও পিটিয়েছে। আমি আর সহ্য করতে না পেরে ছুরি দিয়ে গলা কেটে তাকে হত্যা করেছি।’

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, ‘এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।’