জামালদের ট্রাই নেশনস কাপ হচ্ছে না

এ মাসের ফিফা উইন্ডোতে ঘরের মাঠে ট্রাই নেশনস কাপ খেলার কথা ছিল জামাল ভূঁইয়াদের। তবে ‘অনিবার্য’ কারণে এই টুর্নামেন্ট আয়োজন থেকেই সরে এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মঙ্গলবার বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ নিশ্চিত করেছেন।

আগামী ২২ থেকে ২৮ মার্চ বাংলাদেশ, সিসেলশ ও ব্রুনাইকে নিয়ে এই ট্রাই নেশনস কাপ আয়োজনের পরিকল্পনা ছিল বাফুফের। তবে ‘অনিবার্য কারণে’ ব্রুনাই বাংলাদেশে আসতে পারছে না। এমনটাই জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। আর এ কারণেই ট্রাই নেশনস কাপের পরিকল্পনা থেকে সরে এসেছে তারা।

এখন ২৫ ও ২৮ মার্চ শুধু বাংলাদেশ ও সিসেলশের মধ্যে দুটি প্রীতি ম্যাচ আয়োজিত হবে। বাফুফের সাধারণ সম্পাদক সোহাগ বলেন, ‘এই দুটি ম্যাচ সিলেটেই আয়োজিত হবে। সিসেলশ জাতীয় ফুটবল দল নির্দিষ্ট সময়েই বাংলাদেশে আসবে।’