ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর সাকিব আল হাসানদের জন্য বোনাসের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। অঙ্কাটা যদিও এখনও জানাননি তিনি। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার আনন্দে সাকিবরা নাকি একটু বেশি বোনাস চেয়েছেন। বিসিবি সভাপতি তাতে সায়ও দিয়েছেন।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মঙ্গলবার ১৬ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সবকটিতে হেরে হোয়াইটওয়াশ হলো জস বাটলাররা। যারা কিনা টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পাপন। এ সময় ক্রিকেটারদের বোনাস প্রসঙ্গে বলেন, ‘যেকোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা ওদেরকে ভালো বোনাস দেই। সব দলের সঙ্গে তো সিরিজ জেতা হয়ে গিয়েছিল। শুধু ইংল্যান্ড বাকি ছিল। ওদের সঙ্গে কোনো সিরিজ এর আগে আমরা জিতিনি। সে জন্য তারা ওটা (বোনাস) পাবে।’
বিসিবি সভাপতি আরো বলেন, ‘ওরা এটা বলছে (বোনাসের দাবি), বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো তো আছেই, একই সঙ্গে ধবলধোলাই করা। ওরা একটু বেশি চেয়েছে (বোনাস)। আমি বলেছি অবশ্যই হবে।’
বোনাসের অঙ্ক নিয়ে তিনি বললেন, ‘যেটা ওরা সব সময় পেয়ে থাকে, ওটাই পাবে। এর বাইরে ব্যক্তিগত পারফরম্যান্সের অনুযায়ী বলেছি, তোমরা ভাগ কর। পারফরম্যান্সের বোনাসটা আলাদা করে দেবে বিসিবি। এটা কত হবে, হিসাব না করে বলা যাবে না। কাল-পরশুর মধ্যে বলা যাবে।’