ট্র্যান্সজেন্ডারদের ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সক্ষমতা উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিধভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ১২ মার্চ থেকে মাসব্যাপী ‘ইসেনশ্যাল কম্পিউটার স্কিল অ্যান্ড সফ্ট স্কিল অব কল সেন্টার অপারেশন ফর দি ট্র্যান্সজেন্ডার’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুরু করেছে। বিসিসির নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি সচিব মো. সামসুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক মো. সালেহ আহমেদ। প্রধান অতিথি তার বক্তব্যে ট্র্যান্সজেন্ডার জনগোষ্ঠীকে তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা উন্নয়নে এবং বিভিন্ন কাজের সুযোগ সৃষ্টি করে দেশের উন্নয়নের মূলস্রোতে সম্পৃক্ত করার বিষয়টি উল্লেখ করেন। অনুষ্ঠানের সভাপতি বিসিসি কর্তৃক গৃহীত পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গৃহীত কার্যক্রম উল্লেখ করে বলেন, আগামীতে ট্র্যান্সজেন্ডার জনগোষ্ঠীকেও আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন করে আত্মকর্মসংস্থানভিত্তিক কার্যক্রম প্রধান কার্যালয় ছাড়াও বিসিসির ৭টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে এ উদ্যোগকে সম্প্রসারিত করা হবে। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক মো. সালেহ আহমেদ আইসিটি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণের মাধ্যমে ট্র্যান্সজেন্ডার জনগোষ্ঠীকে তাদের আত্মকর্মসংস্থানসহ দেশের উন্নয়নের মূলস্রোতধারায় নিয়ে আসার কার্যক্রম গ্রহণ করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।