আমরাই সম্ভবত এশিয়ার সেরা ফিল্ডিং দল: সাকিব

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দলের ফিল্ডিং নিয়ে বেশ তৃপ্ত সাকিব আল হাসান। টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার ক্ষেত্রে ফিল্ডিং বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। এমন কি নিজেদের এই মুহূর্তে এশিয়ার সেরা ফিল্ডিং দল মনে করেন তিনি।

মঙ্গলবার ইংল্যান্ডকে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৬ রানে হারায় বাংলাদেশ। টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নরা এই হারের মধ্য দিয়ে হোয়াইটওয়াশের স্বাদ পায়। তিন ম্যাচের তিনটিই বাংলাদেশ সেরা দল হিসেবে জয় পায়।

ইংলিশদের হোয়াইটওয়াশ করার পর সংবাদ সম্মেলনে এসে দলের পারফরম্যান্স নিয়ে তৃপ্তি ঝরে সাকিবের কণ্ঠে। বিশেষ করে ফিল্ডিংয়ের কথা আলাদা করে বলেন তিনি, ‘এটা (সিরিজে বাংলাদেশের ফিল্ডিং) সাধারণ যে কোনো মানুষেরই চোখে পড়েছে। ইংল্যান্ড এত ভালো ফিল্ডিং দল, আমার মনে হয় তাদের থেকে ভালো ফিল্ডিং করেছি আমরা। সেই জায়গা থেকে অনেক বড় একটা টিক মার্ক।’

সাকিব বলে যান, ‘আমি যদি সবকিছু বিবেচনায় নেই, আমাদের সবচেয়ে বড় উন্নতি হয়েছে ফিল্ডিংয়ে। যেটা আমাদের সবসময়ই করা উচিত। আমাদের দলের অন্তত পরিকল্পনা আছে, আমরা যেন ফিল্ডিংয়ে এশিয়ার সেরা দল হতে পারি। আমার মনে হয় না, আমরা খুব বেশি দূরে আছি। এই দলটা সম্ভবত এশিয়ার সেরা ফিল্ডিং দল।’

এরপর রসিকতা করে সাকিব বলেন, ‘আমাকে বাদ দিলে যদিও।’ তার এই কথায় মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে হাসির রোল ওঠে।