চিকিৎসকের অবহেলায় ভাইয়ের মৃত্যুর অভিযোগে ঢাকার আদালতে মামলা করেছেন গালফ এয়ারের পাইলট যুক্তরাষ্ট্র ও জর্ডানের দ্বৈত নাগরিক ইউসুফ তালা আলহেন্দির বোন। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে মামলা করেন পাইলটের বোন জোসেফানো তালা আলহেন্দি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
মামলায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিসিন বিভাগের চিফ কনসালট্যান্ট ওমর ফারুকসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগে বলা হয়, গত ১৪ ডিসেম্বর ওই পাইলটের মৃত্যু হয়। এ ঘটনায় গত ৩১ জানুয়ারি থানায় মামলা করতে যান তার বোন। তবে থানা কর্র্তৃপক্ষ মামলা গ্রহণ না করায় তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়।
যুক্তরাষ্ট্রের নাগরিক জোসেফানো বলেন, গত ১৪ ডিসেম্বর ইউসুফ আলহেন্দি ঢাকার লা মেরিডিয়ান হোটেলে ছিলেন। খুব সকালে তার গালফ এয়ারের ফ্লাইট পরিচালনার কথা ছিল। রাত পৌনে ৩টায় উঠে তিনি ফ্লাইটের জন্য প্রস্তুত হন। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর ৪টা ১০ মিনিটের দিকে তিনি ইমিগ্রেশনের প্রক্রিয়া শুরু করেন এবং পড়ে যান। এরপর ভোর ৫টা ১০ মিনিটের দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালের ইমার্জেন্সিতে থাকা চিকিৎসক ওমর ফারুক ও দায়িত্বরত নার্সরা তাকে ৫ ঘণ্টা কোনো চিকিৎসা দেননি। এরপর দুপুর ১২টা ৮ মিনিটে পাইলট ইউসুফ মারা যান।