রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কলেজশিক্ষার্থী জাহান সরদার সেলিম (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে এ ঘটনায় সরকারি হিসাবে মৃতের সংখ্যা ২৪। তবে স্বজনরা আইনগত প্রক্রিয়া ছাড়াই একজনের লাশ নিয়ে যাওয়ার তালিকায় যোগ হয়নি তার নাম। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তার মৃত্যু হয়। জাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
সায়েন্স ল্যাবে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু : রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়শা আক্তার আশা (২৬) চিকিৎসাধীন মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।