মালয়েশিয়ায় অবৈধদের বৈধ করতে অনুরোধ এবি পার্টির

মালয়েশিয়ায় যেসব বাংলাদেশি এখনো অবৈধ আছে তাদের বৈধ করা এবং বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ-অদক্ষ শ্রমিক নিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি অনুরোধ জানিয়েছে সেখানে সফররত আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা। জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তা বিবেচনার আশ্বাস দিয়েছেন। গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, ‘১০ লক্ষাধিক কর্মীর কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য মালেয়শিয়ান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। পাশাপাশি যেসব বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়ায় নানা পরিস্থিতির শিকার হয়ে অবৈধ হয়ে আছেন বা যেসব শ্রমিক মানবেতর জীবনযাপন করছে তাদের যৌক্তিক সময়ের মধ্যে বৈধ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।’ মঞ্জু বলেন, ‘গতকাল মালয়েশিয়া সময় সকাল ১১টায় এবি পার্টির প্রতিনিধিদল মালয়েশিয়ার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ক্রেস্ট ও স্যুভেনির উপহার দেওয়া হয়। পরে আমরা প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে আন্তর্জাতিক অতিথি হিসেবে পর্যবেক্ষণ করি। এরপর সংসদে সরকারদলীয় চিপ হুইপ ও সাবেক মন্ত্রী ড. জুলফিক আহমেদের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিই। এ সময় ড. জুলফিককে এবি পার্টির স্যুভেনির উপহার দিই এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। পরে সংসদে বিরোধীদলীয় নেতা, সাবেক প্রতিরক্ষামন্ত্রী হিশামউদ্দিন হোসেইনের সঙ্গে সাক্ষাৎ করি।’

এ সময় প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার খান আজম এবং সিনিয়র সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নুরুল গাফ্ফার।