বান্দরবানের ৩ উপজেলায় আবার ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবানের রুমা উপজেলার পর রোয়াংছড়ি ও থানচিতে দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত থানছি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে বিছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যশনাল ফ্রন্টের (কেএনএফ) তৎপরতা অধিক পরিমাণে বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তার স্বার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

গত রবিবার বান্দরবানের রোয়াংছড়িতে টহলরত সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে কেএসএফ সদস্যরা গুলি চালালে সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন নিহত হন। এ ঘটনায় সেনাবাহিনীর আরও দুই সদস্য আহত হয়।

এ ছাড়া গত সপ্তাহে থানছি উপজেলার সীমান্তবর্তী লেক্রী সড়ক দিয়ে থানছিতে ফেরার পথে একটি ট্রাক লক্ষ্য করে কেএনএফ সদস্যরা গুলি চালায়। এতে একজন শ্রমিক গুলিবিদ্ধ হন। এ সময় কেএনএফ সদস্যরা ১০ জন শ্রমিককে অপহরণ করে।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তার বিষয়টি সামনে রেখে এ তিন উপজেলায় পুনরায় নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।