মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে করা দুটি রিট আবেদন খারিজ হয়ে গেছে। গতকাল বুধবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
সম্প্রতি সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ ও অপর আইনজীবী আব্দুল মোমেন চৌধুরী এই রিট আবেদন দুটি করেন। গতকাল শুনানিকালে দুজনেই আদালতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
এর আগে গত ১২ মার্চ এম এ আজিরের রিট আবেদনের শুনানিতে বিব্রতবোধ করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ। সংশ্লিষ্ট আইনজীবীরা তখন বলেন, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি কয়েক বছর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী ছিলেন। তাই আবেদনটি শুনতে বিব্রতবোধের কথা বলেন বিচারক। এরপর নিয়ম অনুযায়ী বিষয়টি প্রধান বিচারপতির কাছে গেলে প্রধান বিচারপতি অন্য একটি বেঞ্চে শুনানির জন্য পাঠান। রিট আবেদনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর মো. সাহাবুদ্দিনকে যোগ্য এবং একক প্রার্থী হিসেবে নির্বাচিত করে গত ১৩ ফেব্রুয়ারি ইসির প্রজ্ঞাপন কেন বেআইনি ঘোষণা করা হবে না এ মর্মে রুলের আরজি জানানো হয়। একইসঙ্গে রুল বিচারাধীন থাকাবস্থায় ওই প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চাওয়া হয় রিটে। রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী ছিলেন মো. সাহাবুদ্দিন। গত ১৩ ফেব্রুয়ারি তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন দেয় ইসি। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে। শপথের পর মো. সাহাবুদ্দিনের ২৪ এপ্রিল থেকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।