পঞ্চগড় পৌরসভার আহমদনগর এলাকায় হামলা ও অগ্নিকাণ্ডে আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এক কোটি টাকার মানবিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর পক্ষে ক্ষতিগ্রস্ত ২০৬টি পরিবারে সহায়তা দেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।
এ সময় রেলমন্ত্রী বলেন, ‘নির্বাচন এলে ধর্মকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে সরকারকে বিপদে ফেলতে চেষ্টা করা হয়। এর আগে ব্রাহ্মণবাড়িয়াতেও একই কাজ করা হয়েছে। এসব কাজে বিএনপি ও জামাত প্রত্যক্ষভাবে জড়িত থাকে। তারা নানা ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চায়।’
সহায়তা প্রদান অনুষ্ঠানে আহমদিয়া সম্প্রদায়ের জামিয়া আহমদিয়ার অধ্যক্ষ মোবাশ্বের উর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা নিরাপদে ও শান্তিতে থাকতে চাই।’
অনুষ্ঠানে পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মাজাহারুল হক প্রধান। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা, আবু তোয়বুর রহমান, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন উপস্থিত ছিলেন। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পঞ্চগড় সদর উপজেলার আহমদনগর ও বোদা উপজেলার শালশিড়ি গ্রামের ২০৬টি পরিবারের প্রত্যেককে ক্ষয়ক্ষতি অনুযায়ী সর্বনিম্ন চার হাজার ৮শ টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ ২৬ হাজার টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়।