কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই যে কোনো কর্মকর্তা-কর্মচারিকে চাকরি থেকে অপসারণ-সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিধিটি বহাল থাকছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিল মঞ্জুর করে এ রায় ঘোষণা করেন আপিল বিভাগ। একই সঙ্গে বিধিটি নিয়ে দুদকের চাকরিচ্যুত উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের করা রিটটি পরিত্যক্ত ঘোষণা করেছেন দেশের সর্বোচ্চ আদালত।
এ বিষয়ে দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘আপিল বিভাগের রায়ে বিধিটি বৈধতা পেল। ফলে বিধিটি বহাল থাকছে।’
দুদক (কর্মচারী) চাকরি বিধিমালার ৫৪ (২) বিধি অনুসারে, কোনো ধরনের কারণ দর্শানো ছাড়া কোনো কর্মীকে চাকরি থেকে অপসারণ করা যায়। বিধিটি বাতিল ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এখন বিধিটি নিয়ে হাইকোর্টের রায় বাতিল করেছেন আপিল বিভাগ।
এই বিধিটির ক্ষমতাবলে গত বছরের ১৬ ফেব্রুয়ারি শরীফকে চাকরি থেকে অপসারণ করে দুদক। এরপর ৫৪ (২) বিধি ও বিধিটির ক্ষমতাবলে চাকরিচ্যুতির বৈধতা নিয়ে শরীফ গত বছর হাইকোর্টে রিট করেন।
বিধিটি নিয়ে দুদকের করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শরীফের রিটের শুনানি মুলতবি করেছিলেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে শরীফ গত বছরের ১৬ জুন লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছিলেন।
২ মার্চ দুদকের করা আপিলের সঙ্গে শরীফের করা লিভ টু আপিল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগে শুনানির জন্য ওঠে। শুনানি শেষে রায়ের জন্য ১৬ মার্চ (আজ) তারিখ ধার্য করা হয়। সে অনুযায়ী আজ রায় হলো।