সৌদি আরবে মেসির বাবা, তবে কি গুঞ্জনই সত্যি হচ্ছে!

লিওনেল মেসি কি তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথেই হাঁটতে চলেছেন? কিছু দিন ধরেই এই প্রশ্ন বাতাসে ঘুরছিল। এর মধ্যেই সৌরি আরবের রিয়াদে মেসির বাবা জর্জেকে দেখা গেছে। যিনি মেসির এজেন্টও। আর এর পরই এই জল্পনা আরও বেড়েছে।

ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হয়ে যাচ্ছে আগামী জুন মাসে। তার পরে কী করবেন মেসি, সে নিয়ে আলোচনা শুরু হয়েছে বেশ আগেই। আর্জেন্টিনা অধিনায়ক পিএসজির সঙ্গে চুক্তি বাড়াবেন, না কি অন্য ক্লাবে যোগ দেবেন? সবটাই এখনও ধোঁয়াশার মধ্যে আছে।

তবে এর মধ্যে সৌদি আরবে দেখা গেল মেসির বাবাকে। যা মেসিকে ঘিরে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। স্প্যানিশ সংবাদপত্র মার্কা জানিয়েছে, রিয়াদের রাস্তায় দেখা গেছে জর্জেকে। তিনি সেখানে কোনো ক্লাবের সঙ্গে দেখা করতে গেছেন কি না, তা নিশ্চিত নয়।

তবে মার্কার দাবি, সৌদির ক্লাব আল হিলালের কর্তাদের সঙ্গে কথা বলতে গেছেন জর্জে। মেসিকে নাকি বেশ মোটা অঙ্কের টাকার প্রস্তাবও দিয়েছে আল হিলাল।

সৌদি প্রো-লিগে আল নাসরের প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল। আল নাসরে খেলেন রোনালদো। তিনি সৌদির ক্লাবে যাওয়ার পর থেকেই মেসিকে নিজেদের ক্লাবে আনার চেষ্টা চালাচ্ছে আল হিলাল। সেই প্রচেষ্টা কি এ বার সফল হতে চলেছে?