সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য রুশ যন্ত্রপাতি নিয়ে আরো একটি জাহাজ মোংলা সমুদ্র বন্দরে পৌঁছেছে। এমভি অপরাজিতা জাহাজটি প্রায় বারো শ টন ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট বন্দরে ডেলিভারি করেছে। চলতি মাসের মধ্যেই যন্ত্রপাতির চালানটি রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছাবে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে দুটি জাহাজ ২৭০০ টনের অধিক যন্ত্রপাতি মোংলা বন্দরে ডেলিভারি করা হয় বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
এএসই ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরি বলেন, এ সব যন্ত্রপাতিসহ অন্যান্য মালামাল পৌঁছার কারণে উন্মুক্ত অবস্থায় প্রথম ইউনিটের রিঅ্যাক্টরের নিরাপত্তা ব্যবস্থার ফ্লাশিংয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে।
রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় পরমাণু শক্তি কমিশন বাস্তবায়ন করছে। প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্ট্রাক্টর রাশিয়ার রসাটম করপোরেশনের প্রকৌশল শাখা।
বাংলাদেশের একক প্রকল্প হিসেবে সবচেয়ে বড় অবকাঠামো এই বিদ্যুৎ প্রকল্পের দুটি ইউনিটে থাকছে থ্রি প্লাস প্রজন্মের রুশ ভিভিইআর রিঅ্যাক্টর।
বাণিজ্যিকভাবে এই কেন্দ্রের আয়ুষ্কাল ধরা হয়েছে ৬০ বছর। কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ২০২৪ সালে এবং এর পরের বছর দ্বিতীয় ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট করে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিড যোগ হওয়ার কথা রয়েছে।
পাবনায় পদ্মা নদীর পাড়ে ঈশ্বরদীর রূপপুরে ২০১৭ সালের নভেম্বরে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মূল নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।