ব্র্যাক হেলথকেয়ার সেন্টারের যাত্রা শুরু

রোগী ও রোগীর স্বজনদের পাশে থাকার প্রত্যয়ে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় যাত্রা শুরু করেছে ব্র্যাক হেলথকেয়ার সেন্টার।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, `পরিবারের সদস্যের মতো সহানুভূতি ও সহমর্মিতা নিয়ে’ তাদের এই আউটপেশেন্ট ক্লিনিকে একই ছাদের নিচে সব ধরনের স্বাস্থ্যসেবা পাওয়া যাবে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ এই স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন।

এই কেন্দ্র থেকে ফ্যামিলি ফিজিশিয়ান ও অত্যাবশ্যক সেবা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, হেলথ অ্যান্ড ওয়েলনেস, ডেন্টাল কেয়ারের পাশাপাশি সেন্টারের ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে ও আলট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করানো যাবে। সরকার নিবন্ধিত একটি মডেল ফার্মেসিও রয়েছে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে।

উদ্বোধনী অনুষ্ঠানে তামারা আবেদ বলেন, ভবিষ্যতে নগরবাসীর স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে ঢাকায় এরকম আরও ক্লিনিক গড়ে তোলা হবে, যা হয়ে উঠবে ‘পরিবারের একজন সদস্যের মতোই আস্থাভাজন’। স্বাস্থ্যসেবা নিতে গিয়ে মানুষকে যে বাড়তি ব্যয়ের বোঝা টানতে হয়, সেটা লাঘব করাও আমাদের অন্যতম একটি লক্ষ্য।

ব্র্যাক জানিয়েছে, ৮৪০ কাজীপাড়ায়, তাদের এই হেলথকেয়ার সেন্টারে শুক্রবার (১৭ মার্চ) থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা স্বাস্থ্যসেবা মিলবে। সরাসরি সেন্টারে এসে সেবা নেওয়া যাবে; ব্র্যাক হেলথকেয়ার সেন্টারের হটলাইন নম্বরে (+৮৮০৯৬৭৮১৯১৯১১) কল করে আগে থেকে অ্যাপয়েনমেন্ট করেও আসা যাবে।