দুর্দান্ত বোলিংয়ে মঞ্চ তৈরি করে দিয়েছিলেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজরা। কিন্তু ১৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। দুর্দান্ত ব্যাটিংয়ে সেই চাপ কাটিয়ে দলকে জয় এনে দিলেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৬১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে দলটি। রাহুল ৯১ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। রবীন্দ্র জাদেজা খেলেন ৬৯ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস।
ষষ্ঠ উইকেটে রাহুল ও জাদেজা ১০৮ রানের অবিচ্ছিন্ন জুটি উপহার দেন। যা দলের জয় নিশ্চিত হয়। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৩ ও মার্কাস স্টয়নিস ২ উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩৫.৪ ওভারে ১৮৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ওপেনার মিচেল মার্শ ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৬৫ বলে ১০টি চারের সঙ্গে হাঁকান ৫ ছক্কা। অন্যদের মধ্যে কেউ সেভাবে জ্বলে উঠতে পারেননি। জস ইংলিস দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন ২৭ বলে।
ভারতের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন শামি ও সিরাজ। জাদেজার শিকার ২টি। পরে ব্যাটিংয়েও আলো কেড়ে ম্যাচসেরা হন জাদেজা।
এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। পরের দুই ওয়ানডে ১৯ ও ২২ মার্চ।