মিয়ানমারে গত সপ্তাহে তিন বৌদ্ধ ভিক্ষুসহ অন্তত ২২ জনকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। চিকিৎসকের ময়নাতদন্ত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরোধীরা বলছে, সেনাবাহিনীই সাধারণ মানুষের ওপর এই হত্যাযজ্ঞ চালিয়েছে।
তবে মিয়ানমারের জান্তার এক মুখপাত্র বলেছেন, তাদের সেনারা দক্ষিণের শান রাজ্যের পিনলাউংয়ে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল, কিন্তু তারা কোনো বেসামরিক মানুষের ক্ষতি করেনি।
জান্তা মুখপাত্র জ মিন তুন এক বিবৃতিতে বলেছেন, কারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স এবং অন্য একটি বিদ্রোহী গোষ্ঠী নান নিন্ত গ্রামে ঢুকেছিল। স্থানীয় একটি মিলিশিয়া বাহিনীকে নিরাপত্তা দিতে সরকারি বাহিনী গ্রামটিতে পৌঁছানোর পর এই গোষ্ঠীগুলো সেখানে প্রবেশ করে। এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো বেপরোয়াভাবে গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।