টানা চার জয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে ৫৫-২৭ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। দাপুটে জয়ের পথে চারবার ইংল্যান্ডকে অলআউট করেছেন তুহিন তরফদাররা। এমন জয়ের দিনেও বাংলাদেশ শিবিরে লেগেছে চোটের ধাক্কা। ম্যাচের ষষ্ঠ মিনিটে এক ইংলিশ রেইডারকে রুখতে গিয়ে কপালে আঘাত পেয়েছেন বাংলাদেশের দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার রাসেল হাসান ও রোমান হোসেন; যা সেমিফাইনালে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে স্বাগতিকদের জন্য।
ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিলেন কোচ সাজুরাম গয়াতের শিষ্যরা। শুরু থেকেই পয়েন্ট আসতে শুরু করে বাংলাদেশের। ম্যাচের ষষ্ঠ মিনিটে ঘটে অনাকাক্সিক্ষত ঘটনা। ইংল্যান্ডের এক রেইডারকে ঘায়েল করলেও একে অপরের সঙ্গে সংঘর্ষে রক্ত ঝরতে থাকে বাংলাদেশের দুই ক্যাচার রাসেল হাসান ও রোমান হোসেনের কপাল থেকে। রোমানের আঘাতটা বেশি গুরুতর। দুজনের জখমে সেলাই পড়েছে একাধিক। তাতে সেমিফাইনালে খেলা হবে কি না, তা সময়ই বলে দেবে।
দুজনের অনুপস্থিতির প্রভাব অবশ্য পড়েনি বাংলাদেশের খেলায়। প্রথমার্ধেই তারা এগিয়ে যায় ২৯-১০ পয়েন্টে। দ্বিতীয়ার্ধের আধিপত্য বজায় রেখে আরেকটি বড় জয়ে সেমিফাইনালে পৌঁছায় বাংলাদেশ। আজ শেষ গ্রুপ ম্যাচে তারা খেলবে ইরাকের বিপক্ষে।