শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিটি মুহূর্তে অনুপ্রেরণার উৎস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে যেমনি ডিজিটাল বাংলাদেশ হয়েছে তেমনি বঙ্গবন্ধুর অনুপ্রেরণা নিয়ে আগামী দিনে আমরা স্মার্ট বাংলাদেশ হব।
গতকাল শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। এর আগে দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কেক কাটা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মন্ত্রী আরও বলেন, এদেশে সবাই যার যার বিশ্বাস নিয়ে ধর্ম পালন করবে ও প্রচার করবে। কারণ এদেশ ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ। ধর্মহীন বাংলাদেশ নয়। এ দেশ মানবিকতার বাংলাদেশ। সেজন্য যখন উন্নত বিশ্ব অস্ত্র হাতে একে অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত, তখন আমরা আমাদের পাশের দেশের যারা বাস্তুচ্যুত, জীবন নিয়ে পালাচ্ছে, সেই রোহিঙ্গা তাদের আমরা আশ্রয় দিয়েছি। এটাই প্রমাণ করে বাংলাদেশ একটি মানবিকতার বাংলাদেশ। তাই শিক্ষার্থীদের মানবিকতা, অসাম্প্রদায়িকতা, পরমসহিষ্ণুতার চর্চা করতে হবে এবং সৎ জীবন-যাপন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. মো. শাহাদাৎ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতসহ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।