জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দেশের যে অবস্থা তাতে আমাদের সামনে অনেক সমস্যা দেখা দেবে। অনেক অনিশ্চয়তা, রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক অনিশ্চয়তা। এতে সংঘাতের আভাস দেখা যাচ্ছে। জাতীয় পার্টি শুধু ক্ষমতার মঞ্চের পরিবর্তন চায় না। ক্ষমতা আওয়ামী লীগ থেকে বিএনপি বা বিএনপি থেকে আওয়ামী লীগ এটা চায় না। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর চাই। আমরা সব নাগরিকের সমান মর্যাদা ও অধিকার চাই। দেশের উন্নয়ন হচ্ছে বললেও আসলে দেশ পিছিয়ে যাচ্ছে। এ থেকে দেশকে উদ্ধার করতে হবে। আর এটা পারবে শুধু জাতীয় পার্টি। দেশে যে বৈষম্য চলছে তা থেকে আমরা মুক্তি চাই।
জি এম কাদের গতকাল শুক্রবার বিকেলে নগরীর চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গাজীপুর মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।