পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শনিবার সকালে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এদিন সকাল সাড়ে এগারোটায় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
এদিকে মাহি নয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায় রয়েছেন তিনি। চিকিৎসক জানিয়েছিলেন, মাস দেড়েক এর মধ্যেই তার সন্তান ভূমিষ্ঠ হতে পারে। তার আগে স্বামীকে নিয়ে ওমরাহ পালন করতে মক্কায় গিয়েছিলেন।
যাওয়ার আগে মাহি জানিয়েছিলেন, কিছুদিন পর আমার সন্তান পৃথিবীতে আসবে। আমার ইচ্ছা ছিল সন্তান জন্মের আগে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর মক্কা শরিফটা একবার দেখব। এ কারণে স্বামীকে নিয়ে ওমরাহ করতে এসেছি।
ওমরাহ শেষে আজ শনিবার সকালের একটি ফ্লাইটে দেশে ফিরলে বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তার স্বামী এখনো সৌদি আরবে রয়ে গেছেন।
এর আগে শুক্রবার মাহিয়া মাহি ফেসবুক লাইভে গিয়ে মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করেছেন, এমন অভিযোগে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। পুলিশ বাদী হয়ে গতকাল রাত ৯টার দিকে মামলাটি করেন। একই দিনে তাদের আসামি করে গাজীপুরের এক ব্যবসায়ী আরেকটি মামলা করেছেন।