তিন বছর পর সিলেটে ফিরল আন্তর্জাতিক ক্রিকেট

মার্ক অ্যাডায়ার বল ছুঁড়েছেন প্রেসিডেন্ট বক্স প্রান্ত থেকে। তামিম ইকবাল সেটা মোকাবেলা করেছেন। আর সেটা দিয়েই মাঠে গড়িয়েছে বাংলাদেশের আয়ারল্যান্ড সিরিজ। সঙ্গে তিন বছর পর সিলেটের মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট।

ওয়ানডে দিয়েই শুরু হয়েছে টাইগারদের আইরিশ মিশন। এই ম্যাচ ছাড়াও আছে আরও দুটি একদিনের ম্যাচ। ২০ ও ২৩ মার্চ একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

ওয়ানডেতে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছিল মোট ১০ বার। যেখানে বাংলাদেশ জয়লাভ করেছে ৮ টি ম্যাচে আর আয়ারল্যান্ড জয়লাভ করেছে ২টি ম্যাচে। একটি ম্যাচের কোনো ফল হয়নি।

বাংলাদেশের মাটিতে কোনো জয় নেই আয়ারল্যান্ডের। ২০০৮ সালে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচেই হেরেছিল দলটি। বাংলাদেশের মাটিতে না জিতলেও টাইগারদের হারানোর রেকর্ড রয়েছে আইরিশদের। ২০০৭ বিশ্বকাপে দুই দলের প্রথম মোকাবেলাতেই জয় পেয়েছিল তারা। এরপর বেলফেস্টে দ্বিপাক্ষিক সিরিজেও একটি ম্যাচ জিতেছে দলটি।

প্রায় দেড় দশক পর ফের বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে দলটি। সাম্প্রতিক সময়ের সাফল্যে এবার তাদের লক্ষ্যটা অনেক বড়। বর্তমানে শক্তি ও সামর্থ্যে পিছিয়ে থাকলেও অভিজ্ঞতায় পিছিয়ে থাকাকেও দুই দলের মধ্যে বড় পার্থক্য মনে করছেন অধিনায়ক অ্যান্ডি বালবার্নে।