মাহি ইস্যু: পুলিশ কর্মকর্তাদের প্রতি জয়ার অনুরোধ

পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শনিবার সকালে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এদিন সকাল সাড়ে এগারোটায় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এরপর গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেনের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

যে আইনে মাহিকে গ্রেপ্তার করা হয়েছে তা নানা বিতর্ক রয়েছে। এছাড়া মাহি বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। এমন অবস্থায় তাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়ার বিষয়ে অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন। এ নিয়ে কথা বলেছেন দেশের জনপ্রিয় তারকা জয়া আহসান।

নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে জয়া লিখেন, ‘অভিনেত্রী মাহিয়া মাহীকে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রেপ্তার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন মাসের নয় মাসের অন্তঃসত্তা।’

পুলিশ কর্মকর্তাদের অনুরোধ জানিয়ে তিনি আরও লিখেন, ‘তাঁর অভিযোগের তদন্ত চলুক, কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়।
রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। পুলিশের কর্মকর্তাদেরও অনুরোধ করব, মা আর অনাগত শিশুর যেন কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে যেন সংবেদনশীল থাকবেন।’

এর আগে শুক্রবার মাহিয়া মাহি ফেসবুক লাইভে গিয়ে মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করেছেন, এমন অভিযোগে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। পুলিশ বাদী হয়ে গতকাল রাত ৯টার দিকে মামলাটি করেন। একই দিনে তাদের আসামি করে গাজীপুরের এক ব্যবসায়ী আরেকটি মামলা করেছেন।