উত্তর কোরিয়া

মার্কিন সাম্রাজ্যবাদ মোকাবিলায় প্রস্তুত ৮ লাখ তরুণ

উত্তর কোরিয়া দাবি করেছে, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে দেশটির অন্তত আট লাখ তরুণ স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদপত্র রডং সিনমুনের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

শনিবার এক প্রতিবেদনে রডং সিনমুন বলেছে, সাম্রাজ্যবাদ মোকাবিলার প্রস্তুতি নেওয়া আট লাখ স্বেচ্ছাসেবকের মধ্যে ছাত্র ও শ্রমিক শ্রেণির প্রতিনিধিরা রয়েছেন।

চলমান যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় এমন খবর জানিয়েছে পিয়ংইয়ং। এছাড়াও, অব্যাহত রয়েছে ক্ষেপণাস্ত্র ছোড়া। সর্বশেষ বৃহস্পতিবার উত্তর কোরিয়া হোয়াসং-১৭ আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের জাপান সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সমুদ্রে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে উত্তর কোরিয়া। যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনের অধীনে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়েছে। পিয়ংইয়ংয়ের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান।

এর আগে, ১৩ মার্চ দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ মহড়া শুরু করে। কোরীয় উপদ্বীপে চলমান ১০ দিনব্যাপী মহড়াকে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুতি বলে উল্লেখ করেছে পিয়ংইয়ং। দুই দেশের ওই মহড়া শুরুর কয়েক ঘণ্টা আগে থেকে এখন পর্যন্ত অন্তত ৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।