সাকিবের পাশেই আছে বিসিবি

ইংল্যান্ডের ও আয়ারল্যান্ড সিরিজের মাঝে এক দিনের সফরে দুবাই গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করেন এই অলরাউন্ডার। যার মালিক রবিউল ইসলাম ওরফে আরাভ খান পুলিশ হত্যা মামলার পলাতক আসামি। সাকিবের এই সফর তাই বিতর্কের ঝড় তুলে। তবে এ ঘটনায় সাকিব আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সমর্থনই পাচ্ছেন।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। এ সময় সাকিবের দুবাই সফর নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয় তাকে।

এক প্রশ্নের উত্তরে জালাল ইউনুস বলেন, ‘সাকিব শুধু বিসিবিরই সম্পদ নয়, দেশের সম্পদ। তাকে দেখাশোনা করা আমাদের দায়িত্ব।’

বিসিবির অন্যতম শীর্ষ এই কর্তা মনে করেন, সাকিবকে নিয়ে চলমান বিতর্ক তার মাঠের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আয়ারল্যান্ড সিরিজ শেষ হওয়ার আগে সাকিবের সঙ্গে এনিয়ে কথা বলতে চান না তারা।

এ ঘটনায় সাকিবের সমর্থন দরকার উল্লেখ করে জালাল ইউনুস বলেন, ‘আগে আমরা ব্যাপারটা সম্পর্কে জানি। এখানে ওর সমর্থন দরকার। ও যদি না জেনে থাকে (রবিউল ইসলাম সম্পর্কে), তাহলে তাকে পরামর্শ দেওয়া যায় কি না, উপদেশ দেওয়া যায় কি না, আমাদের কোনো নির্দেশনা আছে কি না, সেটা নিয়ে আমরা আলাপ–আলোচনা করতে পারি।’

জালাল ইউনুস আরও বলেছেন, ‘এ ঘটনার (সাকিবের দুবাই সফর থেকে ফেরা) এক দিন পরই সিরিজ শুরু হয়ে গেছে। আইসিসির মিটিংয়ের জন্য বোর্ডের সভাপতি ও সিইও বাইরে আছেন, ওনারা এলে আলাপ-আলোচনা করে ঠিক করব কী করা যায়। আমাদের শৃঙ্খলা কমিটি আছে। ওনারা যদি মনে করেন এখানে কোনো কিছু তদন্ত দরকার, তাহলে তারা দেখবেন। পুরোপুরি তদন্ত না করে মন্তব্য করা ঠিক হবে না।’

সাকিব অবশ্য মাঠের বাইরের বিতর্ককে এক পাশে রেখে বরাবরের মতোই মাঠে উজ্জ্বল। শনিবার আয়ারল্যান্ডকে রেকর্ড ১৮৩ রানে হারানোর পাথে ব্যাটে-বলে দারুণ পারফম্যান্স দেখান তিনি। ৮৯ বলে ৯৩ রানের ইনিংসের পর বল হাতে নেন ১ উইকেট।