চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে ভাই-বোন উভয়েরই মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান ফাহিম (৭) ও ফাহিমা আক্তার ওই বাড়ির মৃত শাহজাহান ভূঁইয়ার ছেলে ও মেয়ে।
জানা যায়, ফাহিম ঘরের অদূরে টিউবওয়েলের সঙ্গে যুক্ত পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। বড়বোন ফাহিমা আক্তার তাকে বাঁচাতে এগিয়ে এলে সেও ওই তারে জড়িয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওই বাড়ির বাসিন্দা মোরশেদ হেলালী ভূঁইয়া জানান, ফাহিম শারীরিক প্রতিবন্ধী ও ফাহিমা বুদ্ধি প্রতিবন্ধী ছিল। ফাহিমা স্থানীয় মেহের উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত। তাদের অপর ভাই আজিজ ফাহাদও (২৩) শারীরিক প্রতিবন্ধী।