উত্তপ্ত ফ্রান্সে ম্যাক্রোঁর সামনে অনাস্থা ভোটের হুঁশিয়ারি

পার্লামেন্টকে পাশ কাটিয়ে ফরাসিদের পেনশনের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রতিবাদে রাজপথে চলছে নজিরবিহীন বিক্ষোভ। সেই বিক্ষোভের আঁচ লেগেছে ফ্রান্সের সংসদে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর প্রতি ক্ষোভ প্রকাশ করতে তার সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কাল সোমবার (২০ মার্চ) ম্যাক্রোঁ ও তার সরকারের ওপর এ অনাস্থা ভোট নিয়ে সিদ্ধান্ত হবে। তবে ভোট হলেও তার সরকারের পতন হওয়ার সম্ভাবনা নেই। যদিও অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার বিষয়টিই তার সরকারের জন্য বিব্রতকর। মধ্যপন্থি দল লিখঁ প্রথম অনাস্থা ভোট আয়োজনের প্রস্তাব দেয়। এতে সমর্থন জানায় উগ্র ডানপন্থি নুপেস জোট। তবে এ অনাস্থা ভোট সফল হবে না বলে ধারণা করা হচ্ছে। কারণ এটি এগিয়ে নিতে সব দলের একজোট হতে হবে।