ইনডাকশন চুলা টিকবে যেভাবে

হঠাৎ করে গ্যাস ফুরিয়ে গেলে আজকাল আর রান্না কী করে হবে তার চিন্তায় মাথায় হাত দিয়ে বসে পড়তে হয় না। কারণ বেশির ভাগ গেরস্থ বাড়িতেই এখন বিদ্যুৎচালিত ইনডাকশন চুলা দেখা যায়। তবে এই যন্ত্রের সুবিধা যেমন আছে, তেমনি সমস্যাও রয়েছে। অনেকে অভিযোগ করেন, ইনডাকশন চুলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই যন্ত্রটির ব্যবহার বিধি না জেনে যদি কেউ তা ব্যবহার করেন তাহলে তা নষ্ট হয়ে যেতে পারে। অনেকে জানেন ইনডাকশনে সাধারণ রান্নার বাসনপত্র ব্যবহার করা যায় না। এ ছাড়া আরও কয়েকটি বিষয় রয়েছে, যেগুলো না মানলে ইনডাকশন চুলা নষ্ট হয়ে যেতেই পারে। তাই রান্না করার আগে জেনে নিন এই যন্ত্রটির ব্যবহার বিধি।

হালকা বাসন : রান্না করতে হবে বলেই হাঁড়ি-কড়াইয়ের মতো ভারী বাসন ইনডানশনের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। বিশেষ করে পুরনো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি বাসনপত্র ব্যবহার করা একেবারেই চলবে না।

সঠিক বাসন : হালকা বাসন ব্যবহার করতে হবে বলে অনেকে অ্যালুমিনিয়ামের বাসন ইনডাকশনের জন্য ব্যবহার করেন। এ কারণে কিন্তু ইনডাকশন যন্ত্রটি খারাপ হয় বেশি। ইনডাকশনে রান্না করতে গেলে সম্পূর্ণ আলাদা ধরনের পাত্র ব্যবহার করতে হয়। তাই এই যন্ত্রটি কেনার সময় আলাদা বাসনও কিনে রাখুন।

কম দামি নয় : কম দামে ইনডাকশন কিনে বারবার সারানোর চেয়ে একবার একটু বেশি দাম দিয়ে ভালো ব্র্যান্ডের ইনডাকশন চুলা কেনাই বাঞ্ছনীয়। ভালো কোম্পানি থেকে ইনডাকশন কেনার পরও যদি তা খারাপ হয়, তাতে চিন্তার কিছু নেই। কারণ কোম্পানির পক্ষ থেকে অন্তত এক বছর সারিয়ে দেওয়ার দায়িত্ব নেওয়া হয়।