বঙ্গোপসাগরে লবণবোঝাই ৬ ট্রলারডুবি, নিখোঁজ ১

দমকা হাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে লবণবোঝাই ছয়টি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারগুলোর ২৫ মাঝি-মাল্লাকে উদ্ধার করা গেলেও নেছার উদ্দিন (২৭) নামে একজন নিখোঁজ রয়েছেন। গতকাল রবিবার সকাল ৮টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা উপকূলের পশ্চিমে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ নেছার উদ্দিন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী ৬০ নম্বর পাড়ার নাগু মিয়ার ছেলে।

কোস্টগার্ড ও স্থানীয় সূত্র জানায়, বাঁশখালী, মহেশখালী ও কুতুবদিয়া থেকে ট্রলারগুলো লবণবোঝাই করে চট্টগ্রাম শহরের মাঝিরঘাট যাচ্ছিল। পথে বঙ্গোপসাগরের আনোয়ারা উপকূল এলাকায় পৌঁছলে আচমকা দমকা হাওয়ার কবলে পড়ে ট্রলারগুলো। এতে একের পর এক ট্রলারগুলো ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা মাছ ধরা নৌকা নিয়ে ২৫ মাঝি-মাল্লাকে উদ্ধার করলেও নেছার উদ্দিনের সন্ধান পাওয়া যায়নি। এতে প্রায় ৭ হাজার মণ লবণ পানিতে তলিয়ে যায়। গতকাল সন্ধ্যা ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ নেছারের মামা মোস্তফা জিলানী গতকাল সন্ধ্যায় অভিযোগ করেন, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ নেছারকে উদ্ধার করতে নৌপুলিশ ও কোস্টগার্ডের অফিসে গিয়েও সাড়া পাওয়া যায়নি। বিকেল গড়িয়ে গেলেও এখনো উদ্ধার তৎপরতা শুরু হয়নি।

এ ব্যাপারে কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার তাজুল ইসলাম বলেন, ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হওয়া কিছু লোক আমাদের হেফাজতে আছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। উদ্ধার কাজ চালানোর প্রক্রিয়া চলছে।

বার আউলিয়া ঘাট নৌপুলিশের ইনচার্জ এসআই আবদুল খালেক বলেন, সাগরে লবণবাহী ছয়টি ট্রলারডুবির ঘটনায় মাঝিসহ ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নেছার নামে একজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার তৎপরতার জন্য ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।