রাজধানীর মিরপুরের বাসিন্দা রিয়াজুল হাসান রতনের দুটো কিডনিই নষ্ট। গত বৃহস্পতিবার থেকে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি তিনি। স্ত্রী মরিয়ম রহমান স্বামীর ওষুধ কিনে হাসপাতালে ঢোকার সময় প্রতারক চক্রের খপ্পরে পড়েন। চক্রটি মরিয়মের সঙ্গে কথা বলার পর নিজের ওপর নিয়ন্ত্রণ হারান তিনি। এরপর যখন তিনি স্বাভাবিক হন, তখন দেখতে পান তার গলার স্বর্ণের চেইন, কানের দুল ও কাছে থাকা ব্যাগ (দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিল) সবকিছু নিয়ে সটকে পড়েছে চক্রটি। অসহায় ওই নারী যান মিরপুর মডেল থানায়। ঘটনার বিস্তারিত জানিয়ে একটি অভিযোগও করেছেন। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ।
অসুস্থ স্বামীকে নিয়ে অসহায় ওই নারীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে গতকাল রবিবার সকালে। তার বাসা মিরপুর মডেল থানাধীন মধ্যপাইকপাড়ার আহমদনগর। রাজধানীজুড়েই এমন প্রতারক চক্র সক্রিয় রয়েছে। তবে মিরপুর এলাকায় এমন ঘটনা হরহামেশায় ঘটছে।
এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার ওসি মো. মহসিন দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা ঘটনাটি শোনার পরই তাৎক্ষণিক তদন্ত কার্যক্রম শুরু করেছি।’
মরিয়ম রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমার স্বামী কিডনি রোগে ভুগছেন। এখন তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। চিকিৎসকরা কিডনি পরিবর্তন করতে বলেছেন। এমন পরিস্থিতিতে আমার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে প্রতারকরা। আমি কতটা খারাপ অবস্থায় আছি, তা কাউকে বোঝাতে পারব না।’
তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে কথা বলার পর কী হলো কিছুই বুঝতে পারিনি। কিছু সময় পরে দেখি আমার কাছে কিছুই নেই।’
ঘটনার পর থেকে তদন্ত কার্যক্রমে যুক্ত মিরপুর মডেল থানার এএসআই সোহাগ রানা দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছি। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’