তামিম-সাকিবের পর ৭ হাজারি ক্লাবে মুশফিক

বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকান মুশফিক। মাত্র ৬০ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ১৪টি চারের সঙ্গে হাঁকান ২টি ছক্কা।

মুশফিকের এদিনের ৬০ বলের সেঞ্চুরিটিই বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এই ইনিংসের পথেই মুশফিক পূরণ করেন ৭ হাজার রানের মাইলফলক।

এ ম্যাচের আগে ২৪৩ ম্যাচের ২২৮ ইনিংসে ৬৯৪৫ রান ছিল মুশফিকের। ৭ হাজার রান করতে তার দরকার ছিল ৫৫ রান।

বাংলাদেশের জার্সি গায়ে সবার আগে ওয়ানডেতে ৭ হাজার রান করেন তামিম ইকবাল। ২৩৬ ম্যাচের ২৩৪ ইনিংসে ৮১৬৯ রান এই বাঁহাতি ওপেনারের।

দ্বিতীয় ব্যাটার হিসেবে ৭ হাজার রান পূরণ করেন সাকিব। সেটা এই আয়ারল্যান্ড সিরিজেই, ঠিক আগের ম্যাচে। ২২৯ ম্যাচের ২১৭ ইনিংসে তার রান এখন ৭০৮৬।

মুশফিকের ঝোড়ো সেঞ্চুরিতে এদিন নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রানের পুঁজি গড়ে টাইগাররা। যা ওয়ানডেতে টাইগারদের সর্বোচ্চ পুঁজি।