পবিত্র রমজান সামনে রেখে দুই দেশের মধ্যকার উত্তেজনা কমানোর জন্য পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে ফিলিস্তিন ও ইসরায়েল। গত রবিবার মিসরে অনুষ্ঠিত এক বৈঠকে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।
রয়টার্স বলছে, বৈঠকে আসন্ন রমজানে জেরুজালেমের পবিত্র স্থানগুলোয় যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করার ব্যাপারে আলোচনায় জোর দেওয়া হয়েছে। বৈঠক শেষে যুক্তরাষ্ট্র, মিসর ও জর্ডানের কর্মকর্তারা একটি যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিন পক্ষই আকাবায় গত মাসে অনুষ্ঠিত বৈঠকে করা অঙ্গীকারগুলো আবারও নিশ্চিত করেছে। এর মধ্যে চার মাসের জন্য কোনো ধরনের নতুন বসতি স্থাপন-সংক্রান্ত আলোচনা বন্ধ রাখতে ইসরায়েলের দেওয়া প্রতিশ্রুতিরও উল্লেখ আছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, আলোচনায় ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা সহিংসতা, উসকানি ও বিদ্বেষী বক্তব্য প্রতিরোধের জন্য বিশেষ কৌশল নির্ধারণের ব্যাপারে সম্মত হয়েছেন। এপ্রিলে শারম আল শেখ রিসোর্টে অনুষ্ঠেয় পরবর্তী বৈঠকে এ নিয়ে আলোচনা হবে।
গত ২৬ ফেব্রুয়ারি আকাবায় প্রথম দফার বৈঠকটি হয়েছিল। ওই বৈঠকেও সহিংসতা কমানোর ব্যাপারে পদক্ষেপ নিতে ইসরায়েল ও ফিলিস্তিন অঙ্গীকার করেছিল।