আইনের যথাযথ প্রয়োগের নির্দেশ রাষ্ট্রপতির

দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইন প্রণয়নই যথেষ্ট নয়, প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২২ পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানান।

রাষ্ট্রপতি বলেন, আইন প্রয়োগ করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হলে তা দূর করতে হবে।

জয়নাল আবেদীন জানান, কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় কমিশনের সদস্য বিচারপতি আবু বকর সিদ্দিকী এবং বিচারপতি এ টি এম ফজলে কবীর উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক ও কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

পরে রাষ্ট্রপতি দেশের বিদ্যমান আইনকানুন যুগোপযোগী ও মানুষের জন্য কল্যাণকর করতে উদ্যোগ নেয়ার জন্য আইন কমিশনের প্রতি আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।