১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের সময় খালেদা জিয়া ঘুমাচ্ছিলেন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৯১ সালের বিধ্বংসী ঘূর্ণিঝড়ের সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঘুমাচ্ছিলেন, তিনি ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানতেন না।

বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি গৃহহীন ও ভূমিহীনদের ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯১ সালে একটা ঘূর্ণিঝড় হয় বাংলাদেশে, তখন বিএনপি ক্ষমতায়। একটা ঘূর্ণিঝড় আসছে তার জন্য যে ব্যবস্থা নিতে হবে, সেই সরকারের কেউ কোন রকম ব্যবস্থা নেয়নি। যেহেতু আমাদের সংগঠন সাড়া বাংলাদেশে ছড়ানো, সেই ঘূর্ণিঝড় শুরু হওয়ার পরপরই আমি প্রথমে ফোন পাই। সেই ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম বিশেষ করে দক্ষিণের উপকূলীয় অঞ্চল পুরোপুরি তছনছ হয়ে যায়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগই প্রথম আমরা ছুটে গিয়েছিল মানুষের পাশে। লাখ লাখ মানুষ মারা যায়, আমরা নিজের চোখে দেখেছি। আমরা ত্রাণ বিতরণ করতে গিয়ে দেখি মানুষ এবং পশু-পাখির লাশ একসঙ্গে ভাসছে। ছোট শিশু থেকে শুরু করে মা তার সন্তান নিয়ে পড়ে আছে।আমরা সেখানে বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে মানুষের পাশে দাঁড়াই, তাদের সাহায্য করি।

কিন্তু তখনকার যে সরকার, আমরা যখন পার্লামেন্টে বিষয়টা তুললাম, তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, তিনি ঘুমাচ্ছিলেন, তিনি জানেন না। আর আমাদের তিন বাহিনীর প্রধান গলফ খেলছিলেন। ঘূর্ণিঝড়ে যে এতো বড় ক্ষতি হয়ে গেছে তাও তারা জানতেন না।