সাক্ষীকে জেরা করতে গিয়ে আইনজীবীর মৃত্যু

চট্টগ্রামের একটি আদালতে সাক্ষীকে জেরার করার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জুবায়েরুল হক নামে এক আইনজীবী মারা গেছেন।

বুধবার (২২ মার্চ) দুপুরে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলামের আদালতে এ ঘটনা ঘটে। মৃত জুবায়েরুল হকের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দীন চৌধুরী জানান, আজ দুপুরে মাদক মামলায় সাক্ষীকে জেরা করছিলেন আইনজীবী জুবায়েরুল হক। এ সময় এজলাসে হঠাৎ মাটিতে পড়ে যান তিনি। আদালতে উপস্থিত অন্য আইনজীবীরা জুবায়েরুলকে দ্রুত নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।