মহেন্দ্র সিং ধোনি জাতীয় দলকে বিদায় বলেছেন দুই বছরের বেশি সময় আগে। তবে ফের তাকে ভারতীয় দলের ডাগআউটে দেখা গেছে। যার ছবিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মঙ্গলবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এই দৃশ্য দেখা যায়। অবশ্য একাকী দেখা গেছে ধোনিকে। চোখে অদ্ভুত শূন্যতা। দেখেই বোঝা যাচ্ছে যে, অতীতের দিনগুলোতে ফিরে গেছেন তিনি।
এই ভেন্যুতেই বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে ভারতীয় ক্রিকেট দল।
ধোনির এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে তার আইপিএল দল চেন্নাই সুপার কিংস।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। তবে ভারতীয় দলের জার্সিতে ধোনির স্মৃতি এখনও ভক্তদের মনে টাটকা। ধোনিকে আবার ভারতীয় ডাগআউটে দেখে আবেগতাড়িত হয়ে পড়েছে ভক্তরা।
২০২১ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে দেখা গেছে বিশ্বকাপজয়ী অধিনায়ককে। তারপর রাঁচিতে অনুষ্ঠিত একটি ম্যাচে ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে এসেছিলেন ধোনি।
এ মাসেই শুরু হচ্ছে আইপিএল। জাতীয় দলকে বিদায় বললেও ধোনি আইপিএল খেলে যাচ্ছেন। তবে ভাবা হচ্ছে ৩১ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলই তার শেষ। তারপরই মাঠের ক্রিকেটকে পুরোপুরি বিদায় বলে দেবেন তিনি।