মিয়ানমারের জান্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরও নিষেধাজ্ঞা

মিয়ানমার জান্তার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আসছে। গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। জাকার্তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলেট বলেন, এ নিষেধাজ্ঞা মিয়ানমার জান্তার জন্য অস্ত্র কিনতে রাজস্ব আয় করা আরও কঠিন করে তুলবে। তিনি বলেন, ‘আমরা জান্তার ওপর চাপ বাড়াতে এবং তাদের রাজস্ব তৈরি করা কঠিন করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার পথে বলেও উল্লেখ করেন তিনি। এ নিষেধাজ্ঞার খবর আসার আগেও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো সরকারের কর্মকর্তা, কোম্পানি ও অস্ত্র ব্যবসায়ীদের ওপর নিষেধাজ্ঞা দেয়। শোলেট বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র মিয়ানমারের ৮০ জন ব্যক্তি ও ৩০টিরও বেশি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে মিয়ানমার সংঘাতের সমাধানে রাশিয়াকে জান্তার হাতে সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করার দিকে জোর দেন তিনি। তিনি আরও বলেন, ‘জান্তা যেন আর অস্ত্র আমদানি করতে সক্ষম না হয় আমরা সে অনুযায়ী একটি বড় পদক্ষেপ নেব’।