বিমানের ই-মেইল সার্ভার উদ্ধার হয়নি পাঁচ দিনেও

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ই-মেইল সার্ভার আবারও হ্যাকারদের কবলে পড়েছে। এবার ১০ দিনের সময় বেঁধে দিয়ে বিপুল পরিমাণ অর্থ দাবি করেছে হ্যাকাররা। পাঁচ দিন আগে হ্যাকিংয়ের এ ঘটনা ঘটলেও এখনো সার্ভার উদ্ধার করা যায়নি। বাকি পাঁচ দিনের মধ্যে টাকা দেওয়া না হলে হ্যাকাররা সার্ভারের সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে বলে জানিয়েছে বিমান।

এ বিষয়ে গতকাল বুধবার সকালে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী সাংবাদিকদের বলেন, ‘হ্যাকাররা র‌্যানসম (অর্থ) চেয়ে সময় বেঁধে দিয়েছে। ঘটনা তদন্তে এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।’

বিমানের কর্মকর্তাদের জানান, গত শুক্রবার বিমানের ই-মেইল সার্ভার র‌্যানসমওয়ারে আক্রান্ত হয়। র‌্যানসমওয়্যার হলো বিশেষ এক ধরনের ম্যালওয়ার, যা কম্পিউটার বা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। তখন সেই সার্ভারে ঢুকতে গেলে কিংবা ফাইল খুলতে গেলে মুক্তিপণ দাবি করে হ্যাকাররা। সার্ভার হ্যাকারের কবজায় চলে যাওয়ায় গত শুক্রবার থেকে বিমানের নিজেদের ই-মেইল থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগ বন্ধ রয়েছে। এ ছাড়া ই-মেইল যোগাযোগের তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে। এরই মধ্যে কোনো তথ্য ফাঁস হয়ে গেছে কি না সাংবাদিকরা জানতে চাইলে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘এখনো বিষয়গুলো সেভাবে জানা যায়নি।’

বিমান কর্মকর্তারা জানিয়েছেন, বিপুল পরিমাণ অর্থ না দেওয়া হলে হ্যাকাররা সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে। এতে ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে বিমান।