অসুস্থ শাশুড়িকে (বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া) দেখতে ঢাকায় এসেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। গত মঙ্গলবার মধ্যরাতে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন তিনি। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় উঠেছেন শর্মিলা। গতকাল বুধবার দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য।
তিনি বলেন, ‘শর্মিলা রহমান একাই এসেছেন। মেয়েদের ইউনিভার্সিটি খোলা থাকায় তারা মায়ের সঙ্গে আসতে পারেননি।’ সাবেক প্রধানমন্ত্রী ৭৮ বছর বয়সী খালেদা জিয়া উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা ও আর্থ্রাইটিসসহ নানান জটিল রোগে ভুগছেন।
২০২১ সালের অক্টোবর মাসে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তখন শর্মিলা রহমান তাকে দেখতে এসেছিলেন। সে সময় তিনি আড়াই মাসের মতো ঢাকায় ছিলেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ২০২২ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে লন্ডনে চলে যান। শর্মিলা রহমান সেখানেই থাকেন। খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পরিবারসহ লন্ডনে অবস্থান করছেন।