চাঁদাবাজির অভিযোগ এনে রহমত উল্লাহ নামের এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে আদালতে গিয়েছেন ঢালিউড অভিনেতা শাকিব খান। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা সোয়া ১১টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) হাজির হন শাকিব।
শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় 'অপারেশন অগ্নিপথ' সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহপ্রযোজককে (নারী) ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তোলেন রহমত উল্ল্যাহ নামে এক প্রযোজক। ওই প্রযোজকের নামে মানহানি মামলা করতে শনিবার (১৮ মার্চ) রাতে শাকিব গুলশান থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দেয় পুলিশ। সেই পরামর্শের প্রেক্ষিতেই আজ আদালতে যান শাকিব খান।
উল্লেখ্য, গত ১৫ মার্চ বিকেলে সশরীরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে হাজির হয়ে শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন রহমত উল্ল্যাহ। অভিযোগে বলা হয়, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় 'অপারেশন অগ্নিপথ' সিনেমার শুটিংয়ের সময় এক নারী সহপ্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান। পরে তিনি দেশে পালিয়ে আসেন। এ অভিযোগের পরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় বিনোদনপাড়ায়।