ব্যাটারের মন খারাপের কথা ভেবে উদযাপন করেন না হাসান

হাসান মাহমুদের বলে আগ্রাসনের সঙ্গে ব্যাটারদের মনে ভয় ধরানোর উপকরণ আছে আরও অনেক। তবে তার শারীরিক ভাষাটা যেন ঠিক পেসার সুলভ নয়! ফাস্ট বোলার মানেই যেখানে ভাবা হয় বুনো ও খ্যাপাটে, সেখানে হাসান উইকেট নেওয়ার পর উদযপনই করেন না। কেন করেন না সেটা জানতে গিয়ে বললেন অদ্ভুত এক কারণের কথা।

ব্যাটারদের আউট করার পর তাদের আরও বেশি মন খারাপ করাতে চান না হাসান। উদযাপন দেখে যদি ব্যাটসম্যানের খারাপ লাগে, এ কারণে উদযাপন করেন না তিনি।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ। সুবাদে ২-০ তে সিরিজও নিশ্চিত করে। ক্যারিয়ারে প্রথম বার ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন হাসান।

খেলা শেষে সংবাদসম্মেলনে এসে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি এভাবে, ‘এটা আমার প্রথম ৫ উইকেট। ঘরোয়াতেও কখনও ৫ উইকেট পাওয়া হয়নি আগে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ।’

কিন্তু উইকেট পাওয়ার পর কেন উদযাপন করেন না তিনি? এমন প্রশ্নের উত্তরে হাসান প্রথমে হেসে বলেন, ‘করি না (উদযাপন)… জাস্ট এমনিতেই…।’

এরপরই বললেন, ‘ব্যাটসম্যানকে আউট করার পর আসলে উদযাপন করলে ও আরেকটু মন খারাপ বেশি হবে হয়তো। এটা ভেবে করি না (উদযাপন)…।’