পেস আক্রমণ নিয়ে গর্বিত তামিম

শেষ ম্যাচে এসে ৪১ রানের ইনিংস খেললেন তামিম ইকবাল। রানের চেয়ে বড় কথা খেলার ধরন, দৃষ্টিনন্দন সব শট খেলে রান করেছেন ওয়ানডে অধিনায়ক। চোট থেকে ফেরার পর যে ধারটা দেখা যায়নি তামিমের ব্যাটে। কাল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটা ২-০তে জেতার পর সংবাদ সম্মেলনে এসে তামিম জানালেন স্বস্তির কথা।

‘আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয়, বিশেষ করে প্রথম দুই ইনিংস যেভাবে খেলেছি, আর আজকের উইকেটটা পুরো আলাদা ছিল। কারণ আমরা অন্য দিন আগে ব্যাট করেছি, টিকে থাকাটা গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে ১০-১৫ ওভার পর্যন্ত। কিন্তু আজ বল খুব ভালোভাবে ব্যাটে আসছিল। আর আমার মনে হয়েছে যেভাবে ওয়ানডে ক্রিকেটে খেলতে চেয়েছি, সেভাবেই পেরেছি। কিছুটা, কারণ লক্ষ্যটা বড় ছিল না। নট আউট থেকে শেষ করতে পেরেছি, খুব খুশি আমি’ জানিয়েছেন তামিম। সেই সঙ্গে জানিয়েছেন ভালো উইকেটে বড় রান করার লক্ষ্যটা পূরণের তৃপ্তিও, ‘ইংল্যান্ড সিরিজেই আমি বলেছি আপনারা ভবিষ্যতে দেখবেন আমরা এমন উইকেটে খেলব। এখানে এসে আমরা উইকেটে ভালো পরিমাণে ঘাস রেখে দিয়েছি। সাধারণত ঘাসের উইকেটে আমরা খুব বেশি খেলি না। বিশ্বকাপের কথা ভেবে, সামনের যে সিরিজগুলো আছে, এ কারণেই এমন উইকেটে খেলা। কারণ, আপনি যখনই এই ধরনের উইকেটে খেলবেন, বিশেষ করে ঘরের মাঠে, তখন লড়াইটা সমান হয়ে যায়। কারণ ওদের যে ফাস্ট বোলার আছে, ওরা কিন্তু ওদের দেশে এই ধরনের উইকেটে বল করতেই অভ্যস্ত। আমরা চ্যালেঞ্জটা নিয়েছিলাম, খেলোয়াড়রাও দারুণভাবে সাড়া দিয়েছে।’  বাংলাদেশের বর্তমান এই পেস ইউনিট অধিনায়কের চোখে ‘সলিড’, ‘আমি এখন গর্বের সাথে বলতে পারি আমাদের একটি সলিড পেস বোলিং আক্রমণ আছে।’